ধূমকেতু প্রতিবেদক : ১৭ ডিসেম্বরের পর থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হচ্ছে না করোনার নমুনা পরীক্ষা। অর্থাৎ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে গত ৩ দিন ধরে বন্ধ রয়েছে নমুনা পরীক্ষা।
দুই বৈজ্ঞানিক কর্মকর্তার অব্যাহতিতে এই সঙ্কট বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে আগের নিয়মেই নমুনা পরীক্ষা চলছে।
এ বিষয়ে রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ওই দুই বৈজ্ঞানিক কর্মকর্তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ নন। দেশে করোনার ক্লান্তিকালে তাদের রামেক হাসপাতাল ল্যাবে কাজে লাগানো হয়েছিলো। ডিএনএ ল্যাবে কাজের চাপ বেড়ে গেছে জানিয়ে তারা হাসপাতাল ল্যাব থেকে অব্যাহতি নিয়েছেন।
তিনি আরও জানান, দক্ষ জনবল সংকটে হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব আপাতত বন্ধ রয়েছে। এখন করোনা সংক্রমণ নিম্নমুখী। রামেক ল্যাবেই এই পরীক্ষা হচ্ছে। তবুও দক্ষ বৈজ্ঞানিক কর্মকর্তা চেয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে চিঠি দেওয়া হয়েছে। জনবল পেলেই ল্যাব চালু হবে।


