ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ইসরাইলে সফরের পর গাজা সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন ইসরাইলি ও তিনজন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
বুধবার দেশটির পক্ষ থেকে এ দাবি করা হয়। খবর ভিওএ
ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা উত্তর গাজা উপত্যকায় হামাস চৌকিগুলি লক্ষ্য করে ট্যাংক ফায়ার চালিয়ে গুলির জবাব দিয়েছে।
এসময় তিনজন ফিলিস্তিনি কৃষক আহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
হামাসের একজন মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, গ্যান্টজের সাথে আব্বাসের সাক্ষাত “ফিলিস্তিনের রাজনৈতিক বিভাজনকে আরও গভীর করবে”।
গাজা থেকে গুলি চালানোর জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। তবে ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, এতে একজন বেসামরিক লোক সামান্য আহত হয়েছে। গত মে মাসে ইসরাইলের এবং গাজা জঙ্গিদের মধ্যে ১১ দিনের যুদ্ধের পর থেকে সীমান্ত বেশ শান্তই ছিল।
এর আগে গত আগস্টে বেনি গাঞ্জ ফিলিস্তিনের নেতা আব্বাসের সাথে আলোচনার জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের সদরদপ্তর সফর করেন। বিগত কয়েক বছরের মধ্যে এ ধরনের উচ্চ পর্যায়ে প্রথম বৈঠক ছিল এটি।
তবে ওই আলোচনার পর ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, ফিলিস্তিনের সাথে কোন শান্তি প্রক্রিয়ার আলোচনা চলছে না।
ফিলিস্তিনি সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রী হোসাইন আল-শেখ বুধবার এক টুইটে বলেন, ‘বেনি গাঞ্জের সাথে আব্বাস সাক্ষাত করেছেন। এ সময় তিনি একটি রাজনৈতিক বলয় সৃষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করেন, যা আন্তর্জাতিক প্রস্তাব অনুযায়ী রাজনৈতিক সমাধানের পথে এগিয়ে যাবে।’
এ দুই নেতা বসতি গড়ে তোলার কারণে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে ছড়িয়ে পড়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতির বিষয়েও আলোচনা করেন। এ বৈঠকে নিরাপত্তা, অর্থনীতি ও মানবাধিকার ইস্যু নিয়েও আলোচনা হয়।


