ধূমকেতু নিউজ ডেস্ক : খালেদা জিয়াকে মুক্ত না করে বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে সাফ জানিয়েছেন দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার বিকেলে নরসিংদীতে জেলা বিএনপির উদ্যোগে ‘খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে’ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
আমির খসরু বলেন, যারা ভোট ডাকাতিতে শরীক হতে চায় তারাই রাষ্ট্রপতির সাথে সংলাপে বসতে যাচ্ছে। আর দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত না করে বিএনপি কোন প্রহসনের নির্বাচনে অংশ নেবে না।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রপতি সংলাপের নামে যে পিঠা উৎসবের আয়োজন করেছে। এই তামাশার সংলাপে বিএনপি যোগ দেবে না। হুদা মার্কা নির্বাচন কমিশন গঠনের কোন সুযোগ দেবে না বিএনপি।
সংলাপ প্রসঙ্গে রিজভী নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন, এই সংলাপের মধ্যে দিয়ে যে নির্বাচন কমিশন গঠন করতে চেয়েছে তা লাথি মেরে ফেলে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠ ও নির্বাচন করতে হবে।
নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামালসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সমাবেশের জন্য প্রশাসনের কাছে অনুমতি চেয়ে না পেয়ে সকাল থেকেই বিভিন্ন্ উপজেলার নেতা কর্মীরা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে জড়ো হয়। এসময় অনুমতি না দেয়ায় নেতা কর্মীদেরকে চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তবে শেষ পর্যন্ত পুলিশের বিনা বাধায় সমাবেশটি শেষ হয়েছে।


