ধূমকেতু নিউজ ডেস্ক : ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে ফায়দা লুটতে না পারে সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। বহিরাগত ও দুষ্কৃতিকারীরা যাতে কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেজন্যও নারায়ণগঞ্জ জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে।
শনিবার রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার জেলা পুলিশের বিশেষ অভিযানে অর্ধ শতাধিক গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের ও ২৫টি যানবাহন আটক করা হয়েছে। এছাড়া বহিরাগত ও দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ অভিযান নির্বাচনের আগে আরও জোরদার করা হবে।
জায়েদুল আলম বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ডিবি পুলিশ, থানা পুলিশ ও বিশেষ অভিযানিক দল সর্বদা তৎপর রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতভাবে সাইবার পেট্রোলিং চলছে। যাতে নির্বাচনকে কেন্দ্র করে কোন মহল ফায়দা লুটতে না পারে।


