ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরে মাটি বোঝাই একটি ট্রাক উল্টে চাপা পড়ে নাশিদ হোসেন (১৮) নামে এক চালক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দুলাই ইউনিয়নের বামুন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক নাশিদ হোসেন দুলাই ইউনিয়নের আন্ধারকোঠা গ্রামের বারেক হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে গাজনার বিল থেকে ট্রাক বোঝাই মাটি নিয়ে বামুন্দি এলাকায় ফেলার সময় গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে চালক নাশিদ। পরে আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাশিদকে মৃত ঘোষণা করে।
সুজানগর থানার ওসি আব্দুল হাননান ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


