ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার শিলাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুর রাজ্জাক নামে স্থানীয় ভূমি অফিসের এক কর্মচারী নিহত হয়েছেন। তিনি কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আহত হয়েছেন নিহত আব্দুর রাজ্জাকের স্ত্রী ও তার দুই সন্তানসহ ৪জন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে শিলাইদহ কোমরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি চায়ের দোকানে চোর সন্দেহে এক মানসিক প্রতিবন্ধীকে মারপিট করে স্থানীয় খাঁ ও বিশ্বাস গ্রুপের লোকজন। এসময় আব্দুর রাজ্জাক ঘটনার প্রতিবাদ করলে তার ওপর ক্ষুব্ধ হন খাঁ ও বিশ্বাস লোকজন। শনিবার সকালে আব্দুর রাজ্জাক তার বাড়ির সামনে বের হলে আগে থেকে ওৎঁ পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলাকারীদের বাধা দিতে গিয়ে আহত হন আব্দুর রাজ্জাকের স্ত্রী ও তার দুই সন্তানসহ ৪জন।
হত্যার ঘটনায় কুমারখালী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র মারামারিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪জন। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।


