ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসায় সাপের কামড়ে নববধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে প্রথমে নববধূ কামরুন্নাহার (১৮) ও তার শাশুড়ি জয়নব বেগম (৪৮) চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান।
জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকিব খান টিপু ওই নববধূ ও তার শাশুড়ির সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে জানান, সোমবার দিনগত রাতে তার ইউনিয়নের মামুদানী পুর গ্রামের গৃহকর্তা আব্দুস ছাত্তারের পরিবারের লোকেরা রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়।
রাত ২টার পর নববধূ কামরুন্নাহার তার স্বামী হাবিবুল বাহারকে জানান, তার কোমরে কিসে যেনো কামড় দিয়েছে। এই সময় পাশের ঘর থেকে তার শাশুড়ি জয়নব বেগমও স্বামী আব্দুুস ছাত্তারকে জানান তার হাতে কিসে যেনো কামড় দিলো। রাতেই শুরু হয় গ্রামের ওঝাদের অপচিকিৎসা। এক পর্যায়ে সকাল সাড়ে ৬ টার দিকে তাদেরকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে ভর্তি করে চিকিৎসাও দেওয়া হয়। কিছু সময় পর অসুস্থ নববধূ ও শাশুড়িকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর আগে নববধূ ও পরে তার শাশুড়ি মৃত্যুবরণ করেন।
তিনি আরও জানান, মাত্র ৬ মাস আগে কামরুন্নাহারের বিয়ে দিয়ে এই বাড়িতে আনা হয়। মেহেদির রং মোছার আগেই তার জীবন প্রদীপ নিভে গেলো।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল বলেন, রুগীদের মুমূর্ষু অবস্থায় ভোরে হাসপাতালে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হয় তাদের সাপে কেটেছে। তবে বিষয়টি নিশ্চিত করা ও উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
নিহত গৃহকর্ত্রীর ছেলে জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মুন্নাফ হোসেন জানান, রাতে প্রায় একই সময়ে তার মা জয়নব ও ছোট ভাইয়ের স্ত্রী কামরুন্নাহারের হাতে ও মাজায় পোকায় কামড় দেওয়ার কথা জানান। ভোরে তাদের হাসপাতালে নেওয়া হয়। পরে কুষ্টিয়ায় রেফার্ড করা হয়। সেখানে নিয়ে চিকিৎসার এক পর্যায়ে আগে নববধূ কামরন্নাহার ও পরে জয়নব বেগমের মৃত্যু হয়।


