ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণের ১৫ দিন অতিবাহিত হলেও উদ্ধার করতে পারেনি তারাগঞ্জ থানা পুলিশ। দিন দিন আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে বলে ধারণা করছে তারাগঞ্জ উপজেলার সুধী সমাজের মানুষজন।
অপহরণের ঘটনায় মামলা হলেও অজ্ঞাত কারণে ওই ছাত্রীকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে না পুলিশ। এঘটনায় উপজেলা জুড়ে তোলপার সৃষ্টি হয়েছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী একই এলাকার প্রদীপ কুমার রায়ের মেয়ে প্রবি রাণি রায়কে দিনের বেলা জোরপূর্বক অপহরণ করেন একটি চক্র। অপহরণের ঘটনায় প্রবি রানী রায়ের বাবা প্রদীপ কুমার রায় বাদি হয়ে গত ১৯শে মার্চ তারাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা হওয়ার ১৫ দিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত ওই প্রবি রাণিকে উদ্ধার করতে পারেননি তারাগঞ্জ থানার পুলিশ।
অপহরণ মামলার বাদি প্রদীপ কুমার রায় সাংবাদিকদের জানান, আমার মেয়ে প্রবি রানী রায়কে গত ১৩ মার্চ সকাল ৯ টার সময় উপজেলার তারাগঞ্জ বদরগঞ্জ রোডের এলাহির বাজার সংযোগ সড়ক থেকে ৪জনের একটি দল জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। আমি এঘটনায় গত ১৯ মার্চ মামলা করছি। মামলা দায়ের করার পর উল্টো আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
ওই এলাকার ইউপি সদস্য মাসুদ রানা বলেন, অপহরণের ঘটনার কথা শুনেছি। এঘটনায় মামলা হয়েছে।
তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম বলেন, এঘটনায় ১জনকে গ্রেপ্তার করে রংপুর জেল হাজতে প্রেরণ করছি। বাকি আসামী গ্রেপ্তার ও অপহরণকৃত প্রবী রাণি রায়কে উদ্ধারের চেষ্টা চলছে।
এলাকাবাসী সাংবাদিকদের জানান, একজন দশম শ্রেণীর ছাত্রী অপহরণের ১৫দিন অতিবাহিত হলেও থানার পুলিশ আজ পর্যন্ত ওই মেয়েকে উদ্ধার করতে পারেনি এটা চরম লজ্জার। আমরা এলাকাবাসী প্রবি রানীকে দ্রুত উদ্ধার করে তার মা-বাবার কাছে হস্তান্তরের দাবি করছি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।


