ধূমকেতু নিউজ ডেস্ক : গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হতে যাচ্ছে দ্বিতীয় তিস্তা সেতু। এটি কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব প্রায় ১৩৫ কিলোমিটার কমিয়ে আনবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামী ২০ আগস্ট সেতুটির উদ্বোধন করবেন। উদ্বোধনের দিন থেকেই এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
সোমবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামীম বেপারী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী।
প্রায় ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ এবং ৯.৬ মিটার প্রস্থের এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। এটি সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের (এসএফডি) অর্থায়নে বাংলাদেশের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করেছে। প্রধান ঠিকাদার হিসেবে কাজ করেছে চীনের নির্মাণ প্রতিষ্ঠান ‘চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন-সিএসসিইসি’। সেতুটির উভয় পাশে প্রায় ৩.৫ কিলোমিটার নদী শাসন করা হয়েছে।
সেতুটি গাইবান্ধা শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরঘাট এলাকায় নির্মিত হয়েছে। এর অপর প্রান্তে রয়েছে কুড়িগ্রামের চিলমারী ঘাট। সেতুটির উভয় পাশে ৮৬ কিলোমিটার সংযোগ সড়ক পাকা করা হয়েছে। এই সংযোগ সড়কটি কুড়িগ্রামের চিলমারী, সুন্দরগঞ্জের হরিপুর, বেলকাবাজার, পাঁচপীর, ধর্মপুর, গাইবান্ধার হাট লক্ষ্মীপুর, সাদুল্লাপুরের কামারপাড়া এবং সাদুল্লাপুর হয়ে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাটে শেষ হয়েছে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, সেতুটি চালু হলে কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব প্রায় ১৩৫ কিলোমিটার কমে আসবে যা যাতায়াতের সময় ৩ থেকে ৩.৫ ঘণ্টা সাশ্রয় করবে। এর ফলে শুধু কুড়িগ্রাম নয়, উত্তরাঞ্চলের আরও কয়েকটি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগও সহজ হবে। এতে গাইবান্ধা ও কুড়িগ্রামের মতো তুলনামূলক পিছিয়ে পড়া অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি মনে করেন।
২০১৪ সালে দ্বিতীয় তিস্তা সেতু প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল এবং একই বছরের ২৫ জানুয়ারি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০১৮ সালের ৫ নভেম্বর দরপত্র আহ্বান করা হলে ২০২১ সালে চীনের একটি প্রতিষ্ঠান নির্মাণ কাজ শুরু করে। কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রথমে ২ আগস্ট এবং পরে ২৫ আগস্ট উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়েছিল। তবে সর্বশেষ তারিখ পরিবর্তন করে ২০ আগস্ট নির্ধারণ করা হয়েছে।


