ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় অনুমোদন বিহীন অবৈধ ভেটেরিনারি ওষুধ/ পশু খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে নজিপুর পৌরসভার নতুনহাট এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ ও কাঁচামাল জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া। এসময় অনুমোদনহীন ওষুধ উৎপাদন ও বিপণনের অভিযোগে হামিদুর রহমান ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন হীরাকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তাগণ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ বলেন, নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ এলাকার বাসিন্দা হামিদুর রহমান ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন হিরা নতুনহাটে একটি বাসা ভাড়া নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে পশুসম্পদ অধিদপ্তরের অনুমোদন ছাড়া অবৈধভাবে মুরগির এন্টিবায়োটিক, পশুর ক্যালসিয়াম, জিংক, ভিটামিন ও ভেটেরিনারি বিভিন্ন ওষুধ উৎপাদন ও বিক্রি করছিল। পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের মালামাল জব্দ করে ধ্বংস করা হয়।


