ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : চলমান করোনা মহামারির সংক্রমণ রোধে বদলগাছী উপজেলা প্রশাসন সোমবার (২৮ জুন) সকাল ৬ ঘটিকা হতে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬ ঘটিকা পর্যন্ত লকডাউন ঘোষণা করে।
উক্ত ঘোষণা অনুযায়ী ঔষুধের দোকান লকডাউনের আওতামুক্ত রাখা হয়। ঘোষণা অনুযায়ী সকল শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রির্সোট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। কোন চায়ের দোকান খোলা থাকবেনা। শুধু মাত্র খাবারের দোকান, হোটেল-রেস্তোরা সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত অনলাইনে পার্শেলে যোগে খাবার সরবরাহ করতে পারবে।
কিন্তু সরজমিনে ঘুরে দেখা যায়, প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বদলগাছী থানার সামনে, নতুন ও পুরাতন ব্রীজের উভয় মোড়ে উপজেলার সাহেব বাজার, হাটখলা বাজার, ভান্ডারপুর, কোলা, গোবরচাঁপা, পাহাড়পুর, মিঠাপুর বাজারে চলছে রমরমা ভাবে চায়ের দোকানসহ সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান। যেন দেখার কেউ নেই।

অপরদিকে বদলগাছী সদরের চৌরাস্তাড় মোড়ে অবস্থিত এশিয়া হোটেল, সরদার হোটেল, সোহেলী হোটেল ও আনন্দ নামক হোটেলে চলছে স্বাভাবিক নিয়মে খাবার পরিবেশন। সদরেও খোলা রয়েছে প্রায় সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান।
বুধবার বদলগাছী সদরের হাট সেখানে গিয়েও দেখা যায়, একে অপরের ঘা ঘিষে বসছে বিভিন্ন ধরণের দোকান পাট। বেশির ভাগ মানুষের মূখে নেই কোন মাস্ক এই দৃশ্য দেখে মনে হয় এই উপজেলায় নেই কোন করোনা। কিন্তু হাটের পার্শে অবস্থিত বদলগাছী থানা।
এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন এর সাথে বুধবার সকাল ১১টা ০৬ মিনিটে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, হোটেল-রেস্তোরা খোলা থাকবে ও খাবার পার্শেল করে বিক্রয় করতে পারবে। উপজেলার চৌরাস্তার মোড়ে সমস্ত চায়ের দোকান ও হোটেলগুলোতে আগের নিয়মে চা এবং খাবার পরিবেশন করা হচ্ছে বলে অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি এখনিই ব্যবস্থা গ্রহণ করছি।

বাজারে কথা বলার এক পর্যায়ে বেশ কয়েকজন ছোট চায়ের দোকানদার আক্ষেপ করে বলেন, ধনিদের দোকান খোলা থাকবে এটা কেমন কথা। এই গরিবদের পেটে লাথি মেরে কি লাভ।
বাজারের বেশ কিছু পথচারী বলেন, যদিও বদলগাছীতে নামেই লকডাউন চলছে কিন্তু যে উদ্দেশ্যে সরকারের এই লকডাউন তা কোন ভাবেই মানা হচ্ছেনা। আর এই লকডাউন না মানার কারণে স্বাস্থ্যবিধিও হচ্ছে উপেক্ষিত।
তারা আরো বলেন, প্রশাসন বা পুলিশ বাজারে আসলে নিমিষেই বন্ধ হয়ে যায় সব দোকানপাট। আবার চলে গেলে খুলে যায় সব। তাই তারা বর্তমান করোনা মাহামারি থেকে রক্ষার জন্য উপজেলা প্রশাসনকে আরো কঠোর হওয়ার জন্য অনুরোধ করেন।


