ধূমকেতু প্রতিবেদক, লালপুর : করোনা পরিস্থিতিতে নাটোরের লালপুরে কঠোর লকডাউনের ১ম দিনে (বিকেল ৫টা পর্যন্ত) বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনের ৬ হাজার টাকা জরিমানা করেছ ভ্রাম্যমাণ আদালত ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালেদ হাসান ৬ জনের নিকট থেকে ৪ হাজার ৫শ টাকা অর্থদণ্ড আদায় করে বলে জানা গেছে ।
অপরদিকে, বিভিন্নস্থানে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনের নিকট থেকে ১ হাজার ৫শ টাকা অর্থদণ্ড আদায় করেছেন বলে জানা গেছে ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালেদ হাসান জানান, দোকানপাট বন্ধ ছিল, বৃষ্টির দিন হওয়ায় লোকজনও কম দেখা গেছে, মানুষ আগের চেয়ে একটু সচেতন হয়েছে তবে এখনও অনেকেই স্বাস্থ্যবিধি ও লকডাউনের বিধিনিষেধ পুরোপুরি মানছেনা, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্ব প্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি সকল মানুষকে মেনে চলতে হবে। যে এই আদেশ অমান্য করবে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সকল মানুষকে বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।


