ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটে শোক দিবসে গান-বাজনা করার প্রতিবাদ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্করের বিরুদ্ধে থানায় জিডি করেছেন স্থানীয় এক ছাত্রলীগ নেতা।
মঙ্গলবার রাতে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মিজানুর রহমান মিজান বাদী হয়ে হাতীবান্ধা থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে একটি অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি জিডি আকারে থানায় নথি ভুক্ত হয়।
পুলিশ সূত্র জানায়, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন গত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে হাতীবান্ধা উপজেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনব্যাপী ওই কর্মসূচিতে এমপির উপস্থিতি ও শোক দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাদ্যযন্ত্র দিয়ে গান-বাজনা করায় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর নিজের ফেসবুক আইডি থেকে এর প্রতিবাদ করেন।

এই প্রতিবাদকে কেন্দ্র করে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করেন ওই ছাত্রলীগ নেতা মিজান। পরে পুলিশ অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করে।
এ বিষয়ে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর সাংবাদিকদের জানান, “শোক দিবসে অনলাইনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা থাকলেও ওইদিন স্টেজ প্রোগ্রাম করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । তাই এসব দেখে আমার ব্যাক্তিগত ভাবে খারাপ লেগেছে । সে কারণে আমি প্রতিবাদ করেছি। আমি কাউকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এসব করি নি ।”
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি জিডি আকারে গ্রহণ করে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


