ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি সরকারের বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছে দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার। এটা তার বিরুদ্ধে আনা ১১তম অভিযোগ।
সবগুলো অভিযোগ আদালতে প্রমাণিত হলে সু চির দেড়শ’ বছরের বেশি কারাদণ্ড হতে পারে। শুক্রবার আল জাজিরা এ খবর জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার অং সান সু চির বিরুদ্ধে নতুন এ মামলাটি করা হয়।
এ প্রেক্ষাপটে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সেগ্যাইং এলাকায় বিক্ষোভের জেরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করে দেশটির সামরিক বাহিনী।
অভিযোগ রয়েছে, ওই এলাকায় অন্তত ৪০০টি বাড়িঘরে আগুন দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এতে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন কয়েক হাজার মানুষ।
সু চির বিরুদ্ধে নতুন মামলাটি করা হয়েছে দুর্নীতির অভিযোগে।
মিয়ানমারের সামরিক জান্তা সরকারের এক বিবৃতির বরাত দিয়ে কাতারের দোহাভিত্তিক সংবাদমাধ্যমটি জানায়, তার মায়ের নামের একটি দাতব্য সংস্থা থেকে সাড়ে পাঁচ লাখ ডলার গ্রহণ করেছিলেন সু চি।
তবে আদালতে কবে এ মামলার শুনানি হবে- এ নিয়ে ওই বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।
গত বছরের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন অং সান সু চি। এর পর কয়েক মাস ধরে মিয়ানমারে বিক্ষোভ দেখান তার সমর্থকরা।
স্থানীয় পর্যবেক্ষকরা জানান, এসব বিক্ষোভে গুলি চালিয়ে দেড় হাজার বেসামরিক নাগরিককে হত্যা করেছে সামরিক সরকার।
এর আগে কয়েকটি মামলার রায়ে সু চিকে দুই দফায় কারাদণ্ড দেয়া হয়। সুচির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তারমধ্যে রয়েছে- তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে লোকজনকে উসকানি দেয়া এবং মহামারি চলাকালে করোনাবিধি লঙ্ঘন।
অবৈধভাবে ওয়াকিটকি রাখাসহ আরও কয়েকটি অভিযোগে সু চির সাজা হয়েছে। বর্তমানে গৃহবন্দী অবস্থায় তিনি এ সাজা ভোগ করছেন। তার সাবেক সরকারের কয়েকজন শীর্ষ কর্মকর্তাও সাজা ভোগ করছেন।


