ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযান’ পরিচালনার নির্দেশ দিয়েছেন।
কাতারের দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বৃহস্পতিবার বলা হয়, সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তবে এটা বোমা বিস্ফোরণের শব্দ কিনা নিশ্চিত হওয়া যায়নি।
এরইমধ্যে পুতিন পশ্চিমা দেশগুলোর প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অন্য কোনো দেশ এ যুদ্ধে অংশ নিলে এর ফল ভোগ করতে হবে।
এ পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইউক্রেনে সামরিক আগ্রাসনের জেরে রুশ প্রতিরক্ষা মন্ত্রী ও সামরিক প্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযান পরিচালনার ঘোষণার পর পুতিন পূর্ব-ইউক্রেনে দেশটির সেনা সদস্যদের অস্ত্র জমা দিয়ে ঘরে ফিরতে বলেছেন।
এ সময় পুতিন সতর্ক করে বলেন, যদি রাশিয়াকে কেউ মোকাবেলা করতে চায়, তাহলে মস্কো দ্রুততর সময়ে এর জবাব দেবে।
বিবিসির খবরে বলা হয়, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বিরুদ্ধে পূর্ণ-যুদ্ধ শুরুর অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি জাতিসংঘকে এ আগ্রাসন থামাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এ প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার করে বলেন, বিশ্ব রাশিয়াকে এ জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবে। তিনি এ যুদ্ধে বড় ধরনের প্রাণহানীরও আশঙ্কা প্রকাশ করেন।


