ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি বছরের ৮ সেপ্টেম্বর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় চলমান নির্মূল অভিযানের সমালোচনা করে এক বিবৃতি দেন। সেখানে তিনি ইসরাইলের বিরুদ্ধে নিজের ও নিজের দেশের নাগরিকদের অসন্তোষ ব্যক্ত করেন।
সানচেজ বলেন, মাদ্রিদ হয়তো পারমাণবিক কোনো শক্তি নয়; তাদের কোনো বিমানবাহী রণতরী বা বিশাল তেলের জ্বালানিও নেই। একাকী হয়তো গাজায় ইসরাইলি আগ্রাসনের সামনে প্রবল বাধা হয়েও দাঁড়াতে পারবে না। তবে এর অর্থ এই নয় যে আমরা কোনো চেষ্টাই করব না। এখানে এমন কিছু ইস্যু আছে, যার জন্য এমনিতেই লড়াই করা যেতে পারে। এমনকি তাতে সফলতার কোনো সম্ভাবনা না থাকলেও কোনো লোকসান নেই।
সানচেজের এই বিবৃতি ইসরাইলের অভ্যন্তরে তুমুল বিতর্কের জন্ম দেয়। তারা এটাকে বিকৃতি করে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। বিষয়টিকে তারা ইসরাইলি রাষ্ট্র ধ্বংসের হুমকি হিসেবে উপস্থাপনের অপপ্রয়াস পায়।
এর প্রতিক্রিয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, মনে হচ্ছে যে স্প্যানিশ ইনকুইজিশন, স্পেনের ইহুদিদের বিতাড়ন এবং নাৎসি হোলোকাস্টও সানচেজের আত্মতৃপ্তির জন্য যথেষ্ট নয়।
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সায়ের স্পেনের উপর আক্রমণ করে বলেন, স্পেন তো ইহুদি নাগরিকদের বিরুদ্ধে করা তাদের অপরাধের ইতিহাসই মুছে ফেলেছে। যার মধ্যে স্প্যানিশ ইনকুইজিশন রয়েছে।
স্পেন ও ইসরাইলের মাঝে এমন পাল্টাপাল্টি বিবৃতি থেকেই অনুমান করা যায় যে সানচেজ ও তার দেশ দখলদার শক্তির জন্য কেমন বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মূলত সানচেজই একমাত্র ইউরোপীয় নেতা, যিনি এতটা স্পষ্ট ও দৃঢ়তার সাথে ইসরাইলের সমালোচনা করছেন।
সানচেজ কেবল প্রসিদ্ধ কর্মী, মিডিয়া ব্যক্তিত্ব কিংবা জনমত গঠনকারী বিশিষ্ট ব্যক্তি বা ইউরোপের বড় নেতাই নন। বরং তিনি ইউরোপীয় ইউনিয়নের একজন প্রভাবশালী প্রধানমন্ত্রীও বটে। গত বছর তিনি তার দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ৩৭ দেশের মধ্যে অন্যতম দেশে পরিণত করেছে। একইসাথে তিনি দেশের জিডিপি ও শেয়ারবাজারের সক্ষমতা বৃদ্ধি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বেকারত্ব ও সরকারি বাজেটের ঘাটতি দূরীকরণে সফলতার স্বাক্ষর রেখেছেন।
এর অর্থ হলো ইসরাইলের বিরুদ্ধে যে কণ্ঠস্বরটা উচ্চকিত হচ্ছে, তা কোনো দুর্বল কণ্ঠস্বর নয়। বরং তা নিজ দেশে সফল এবং তিনি ইউরোপীয় ইউনিয়নকে ফিলিস্তিনিদের ব্যাপারে ন্যায়নিষ্ঠ বানানোর চেষ্টা করছেন। অর্থাৎ এর প্রভাব কেবল স্পেনেই সীমাবদ্ধ থাকবে না। বরং তা ক্রমেই ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েব। এমনিভাবে এটি ওই ক্ষীণ সরকারি কণ্ঠস্বর, যা ইউরোপে ডানপন্থী উগ্রপন্থা রোধের ভূমিকা রাখছে। সেজন্যই সানচেজের বিবৃতির জবাব দখলদাররা এমন আক্রমণাত্মক ভঙ্গিতে দিয়েছে।
অনেকের ধারণা, সানচেজ বামপন্থার প্রতি ঝুঁকে পড়ায় ইসরাইলের সমালোচনা ও ফিলিস্তিনের পক্ষে কথা বলেন। তাদের এই ধারণা আংশিক সত্য। তবে এই ইস্যুতে সানচেজের সংহতি আদায়ে স্পেনের ঐতিহাসিক উত্তরাধিকার -যা সমালোচনার ঊর্ধ্বে- অনেকটা ভূমিকা রেখেছে বলেই প্রতীয়মান হয়।


