ধূমকেতু নিউজ ডেস্ক : সিরিয়া ও ইরাকে যেসব দেশের নাগরিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়ে এতদিন যুদ্ধ করেছে, তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।
ইতালির রোমে সোমবার অনুষ্ঠিত ইসলামিক স্টেটের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সোমবারের শীর্ষ সম্মেলনটি ছিল দুই বছরের মধ্যে আইএসবিরোধী জোটের এ ধরনের প্রথম বৈঠক।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের একতরফা সিদ্ধান্ত নেওয়ার পর ৮৩ দেশের এ জোটে ফাটল ধরে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়া ও ইরাকে যুদ্ধ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব জঙ্গি ইসলামিক স্টেটে যোগ দিয়েছিল তাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যদি সম্ভব হয় বিচারের মুখোমুখি করতে হবে। এমন পরিস্থিতি অগ্রহণযোগ্য। অনির্দিষ্টকাল ধরে এভাবে চলতে পারে না।
‘যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে জোটসঙ্গী এবং অন্যান্য দেশের প্রতি আহ্বান জানাচ্ছে, জঙ্গিদের নিজ দেশে ফিরিয়ে নিন, তাদের পুনর্বাসিত করুন। যদি প্রয়োজন হয় তাদের বিচারের মুখোমুখি করুন’, যোগ করেন তিনি।
যদিও ফ্রান্স ও ব্রিটেন যুক্তরাষ্ট্রের এ আহ্বানের বিরোধিতা অব্যাহত রেখেছে। যারা আইএসে যোগ দিয়েছে, তাদের বিচার করার জন্য দেশ দুটির নির্ভরযোগ্য কোনো আইনি ব্যবস্থা নেই। এ সুযোগে জঙ্গিরা পার পেয়ে যেতে পারে- ভয়টা তাদের সেখানেই।
নিজ দেশের নাগরিকদের প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত রাখায় ইতালি ও ফিনল্যান্ডের ভূয়সী প্রশংসা করেন ব্লিঙ্কেন।
কাজাখস্তানের প্রশংসাও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী করেছেন।
ব্লিঙ্কেন কাজাখস্তানের বিষয়ে বলেন, দেশটি ৬০০ যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিয়েছে। একই সঙ্গে তাদের পুনর্বাসন কর্মসূচির অন্তর্ভুক্ত করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং কিরগিজস্তানও তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্মেলনের আগে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএফ) নেতা মজলুম আবদি বিদেশি যোদ্ধাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সে দেশে ক্রমশ শক্তি বাড়ায় ইসলামিক স্টেট। এর পর মধ্যপ্রাচ্য, ইউরোপ থেকে অসংখ্য মানুষ এ সংগঠনে যোগ দেয়। যাদের অনেকেই সিরিয়ার বিভিন্ন ক্যাম্পে আটক রয়েছেন।
এক পরিসংখ্যানের তথ্যানুযায়ী, সিরিয়ায় এ পর্যন্ত প্রায় ৪৩ হাজার বিদেশি নাগরিককে আইএস সংশ্লিষ্টতার জন্য গ্রেফতার করা হয়েছে।


