ধূমকেতু নিউজ ডেস্ক : জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সম্প্রতি রাজধানীর হাতিরঝিলে আয়োজিত দীর্ঘ ম্যারাথনে অংশ নেন। এসময় তিনি ২১ কিলোমিটার দৌড় শেষ করেছেন ফিলিস্তিনের পতাকা হাতে, যা ভক্তদের দৃষ্টি কেড়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে অনুষ্ঠিত এই ম্যারাথনে কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে দৌড়ান তৌসিফ। দৌড় শেষে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেন, ‘মানুষ চাইলে কি না পারে! সীমাবদ্ধতা শুধু আমাদের মনের ভেতরেই থাকে। ২১ কিলো শেষ করলাম! কোনো কিছুই অসম্ভব নয়-সীমা শুধু আমাদের মাথাতেই থাকে। ২১ কি.মি. স্ট্রঙার!’
তার পোস্টে বোঝা যায়, এত দীর্ঘ দৌড় একসময় তার কাছে অসম্ভব মনে হলেও অবশেষে তিনি তা জয় করেছেন। ভক্তরাও তার এই অর্জনে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ফিলিস্তিনের পতাকা। ছবিতে দেখা গেছে, তিনি গলায় পতাকা বেঁধে রেখেছেন, আবার হাতে নিয়ে সম্মানের সঙ্গে পোজও দিয়েছেন। এর মধ্য দিয়ে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানান এই অভিনেতা।


