ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।
গোলাম কিবরিয়া বলেন, ‘এর আগে ২০২০ সালে আমাদের হলগুলোর সম্মেলন হওয়ার কথা ছিল। এজন্য আমরা পদ প্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত সংগ্রহ করেছিলাম। কিন্তু অনিবার্যকারণবশত সেই সময় হল সম্মেলন করা সম্ভব হয়নি। পরবর্তীতে করোনার কারণে দীর্ঘ সময় অতিক্রম করতে হলো। অনেক দিন থেকেই আমরা নতুন করে হল সম্মেলনের একটা সুনির্দিষ্ট তারিখ ঠিক করার চেষ্টা করছিলাম। সবশেষ আমাদের রাজশাহী মেয়র ও কেন্দ্রীয় ছাত্রলীগ যৌথভাবে আলোচনা করে এই তারিখ নির্ধারণ করে দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি রাবির ছাত্রলীগের হল সম্মেলনের কথা থাকলেও ২ ফেব্রুয়ারি অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। সেসময় বিশ্ববিদ্যালয়ের ১৭ টি হলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৪১৬ জন ফরম সংগ্রহ করেছিলেন। এবছর ১৪ মার্চ নতুন করে হল সম্মেলনের আয়োজন হতে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের নেতা কর্মীদের মধ্যে নতুন করে আমেজ তৈরি হয়েছে।


