ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় সংসদ থেকে পদত্যাগের প্রথম ঘটনা ঘটে ১৯৯৪ সালের ২৮ ডিসেম্বর। তখন ক্ষমতায় ছিল বিএনপি। সংসদ নেত্রী প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। সে বছরের ২০ মার্চ মাগুরা উপনির্বাচনে তৎকালীন সরকারি দল বিএনপি প্রার্থীর নজিরবিহীন কারচুপির বিরুদ্ধে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য বিরোধী দল উপনির্বাচনের ফল বাতিলের জন্য তীব্র আন্দোলন গড়ে তোলে।
আন্দোলনের এক পর্যায়ে আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী দলগুলো ভবিষ্যৎ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি তোলে। এ দাবি পূরণের জন্য বিরোধী দলগুলো ২৭ ডিসেম্বর ১৯৯৪ পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেয়।
তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি শুধু নাকচই করেনি; বরং পুরো ধারণাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন, ‘শিশু ও পাগল ছাড়া নিরপেক্ষ কেউ নেই’। এ অবস্থায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ৮৮ জন এমপিসহ জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী ও অন্যান্য দলের মোট ১৪৭ জন এমপি বেঁধে দেয়া সময়ের পরের দিন অর্থাৎ ১৯৯৪ সালের ২৮ ডিসেম্বর একযোগে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। কিন্তু সে সংসদের স্পিকার শেখ রাজ্জাক আলী পদত্যাগ পত্র গ্রহণ না করে কয়েক সপ্তাহ পরে পদত্যাগকারী সদস্যদের অনুপস্থিত হিসেবে গণ্য করে সংসদে রুলিং দেন।
এ অবস্থায় অনুপস্থিতির ৯০ কার্যদিবস অতিবাহিত হলে ১৯৯৫ সালের ৩১ ডিসেম্বর (অর্থাৎ এক বছরের অধিক সময় পর) আসনগুলো শূন্য ঘোষণা করেন। পরে এ আসনগুলোতে উপনির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হলেও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সে সরকার আর তা সম্পন্ন করতে পারেনি।


