ধূমকেতু প্রতিবেদক : নওগাঁ জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার সকাল ১০টায় উপজেলার প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য সাহাবুদ্দিন ফরাজী, মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য এমাজ উদ্দিন প্রামাণিক, বাংলাদেশ আওয়ামী লীগ, নওগাঁ জেলার সভাপতি আবদুল মালেক, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।
সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, সরকার নাকি দেশকে বিরোধী দলহীন করার চেষ্টা করছে, প্রকৃতপক্ষে গণতন্ত্রের অব্যাহত এগিয়ে যাওয়ার পথ আরও মজবুত করতে সরকার শক্তিশালী এবং আরও দায়িত্বশীল বিরোধী দল চায়। শেখ হাসিনা সরকার সমালোচনায় ভয় পায় না, গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই। কিন্তু বিএনপির অপরাজনীতির জন্যই জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে, দেশে এখন দুর্দিন নেই। প্রকৃতপক্ষে দুর্দিন দেশে নয়, ভয়াবহ দুর্দিন চলছে বিএনপির রাজনীতিতে। বিএনপির রাজনৈতিক মনস্তত্ব এখন দুর্দশাগ্রস্ত। বিএনপি চরম হতাশায় নিমজ্জিত।
ডাবলু সরকার বলেন, শেখ হাসিনাকে নিয়ে যারা কটুক্তি করে, বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙ্গে ফেলে, এই বাংলাদেশে তাদের থাকার কোন অধিকার নাই। আমি বাংলাদেশের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি, যদি বঙ্গবন্ধুকে নিয়ে কেউ কটুক্তি করে তাহলে সে বাংলাদেশে বসবাস করতে পারবে না এমন আইন বাস্তবায়ন করা হোক।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, ইপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম সহ নেতৃবৃন্দ।


