ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন আগামী ৭অক্টোবর। ইতোমধ্যে কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন ও জমা দান শেষ করেছেন। আগামী ২০ সেপ্টেম্বর হবে প্রতীক বরাদ্দ। এই ওয়ার্ডের উপ-নির্বাচনে এবার ৫ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ৫ জন প্রার্থী মূলত নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র তুলে জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ৫জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
প্রার্থীরা হলেন, রাসেল জামান, এ কে এম রাসেদুল হাসান, সাইফুল্লাহ শান্ত ও শামিমুর রহমান। নির্বাচনের প্রতীক বরাদ্দ বা প্রচারণা এখনো শুরু না হলেও ৫ প্রার্থীর মধ্যে রাসেল জামানের নাম উঠে আসছে সাধারণ ভোটারদের মুখে। ৫ জনের মধ্যে মুল আলোচনার কেন্দ্রবিন্দুতে রাসেলকে রেখেছেন সাধারণ ভোটাররা। রাসেলের বিকল্পও দেখছেন না ওয়ার্ডবাসী।
কথা বলা হয় ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাসেল জামানের সাথে।
তিনি বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডের মধ্যে ৯নং ওয়ার্ড বিনোদনের স্পট এলাকা। পদ্মানদী ঘেঁষে মুলত এ ওয়ার্ডটি। শহরের মানুষ একটু বিনোদনের জন্য বিকেল হলেই ছুটে আসেন পদ্মার ধারে একটু সময় কাটাতে। কিন্তু বিনোদনের জন্য সম্পন্ন রুপ পায়নি পদ্মার ধার। বিষয়টি অনেক আগে থেকেই আমি উপলদ্ধি করে আসছি। স্বপ্ন আছে যদি আমি কাউন্সিলর নির্বাচিত হই তাহলে রাসিক মেয়রের কাছ এই পদ্মার ধার আরো সুন্দর করতে যা যা প্রয়োজন আমি তাই করে নেয়ার চেষ্টা করবো।
তিনি বলেন, রাজশাহীতে কর্মসংস্থানের ব্যবস্থা নেই। বেকার যুবকরা হতাশাগ্রস্ত হয়ে মাদকের দিকে ঝুঁকেছে। এটি শুধু এই ওয়ার্ডের সমস্যা নয়, এটি সারা শহরের চিত্র। বিশেষ করে এই ওয়ার্ডে মাদকের ভয়াবহতা একটু বেশি। বেকার যুবকদের কাজ দিতে পারলে তারা হয়তো মাদক থেকে দুরে থাকবে। বিশেষ করে যুবকদের খেলাধুলার দিকে মনোনিবেশ করাতে পারলে তারা মাদক থেকে দূরে থাকতে পারবে মনে আমি মনে করি। তাই এই ওয়ার্ডে অনেক জায়গা আছে যেখানে খেলাধুলার ব্যবস্থা করা যায়। আমি কাউন্সিলর নির্বাচিত হলে প্রথমেই এ কাজটি করতে চাই।
তিনি বলেন, আমি নির্বাচিত হতে পারলে এই ওয়ার্ডে বিনামূল্যে একটি চিকিৎসা কেন্দ্র স্থাপন করবো। যেখানে সাধারণ গরিব মানুষরা বিনামূলে চিকিৎসা সেবা নিতে পারেন।
ওয়ার্ডের অন্যান্য সমস্যার বিষয়ে তিনি জানান, আমি ছোট থেকে নগরীর রাজনীতির সাথে যুক্ত। এই ৯নং ওয়র্ডেই আমার বেড়ে উঠা। তাই অনেক কাছ থেকে আমি এই ওয়ার্ডের মানুষের সমস্যাগুলো দেখেছি। আমার পরিবার সব সময় অসহায় মানুষের পাশে থেকে সেবা করেছেন। আমিও মানুষের সেবা করার জন্য এবার কাউন্সিলর প্রার্থী হয়েছি।
তিনি আরও বলেন, এই ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা তেমন উন্নত নয়। বিশুদ্ধ খাবার পানির সংকট রয়েছে। সব মিলিয়ে একটি আধুনিক ওয়ার্ড হিসাবে ৯নং ওয়ার্ডকে আমি সাজাতে চাই। সাধারণ মানুষ যদি আমার পাশে দাঁড়ায় আমি তাদেরকে নিয়ে পরিচ্ছন্ন একটি ওয়ার্ড গড়তে চাই।
ওয়ার্ডের বেশ কিছু সাধারণ মানুষের সাথে কথা বলা হলে তারা জানান, রাসেল জামানের পরিবার সব সময় অসহায় মানুষের পাশে থাকে। তার বড় ভাই বিশিষ্ঠ ব্যবসায়ী। ভাইদের মধ্যেও তিনি সবার ছোট। রাসেল ছোট থেকে এই ওয়ার্ডের মানুষের ডাকে সাড়া দিয়ে সব ধরনের সাহায্য সহযোগিতা করে আসছে। আগামী নির্বাচনে তিনি কাউন্সিল হতে পারলে এই ওয়ার্ডের আরো উন্নয়ন হবে এমনটাও আশা করছেন সাধারণ ভোটাররা।
৯নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার নুর হোসেন নামে এক মুদি দোকানদার বলেন, এখন আমার বয়স ৭০ ছুঁই ছুঁই করছে। এই ওয়ার্ডে এখন পর্যন্ত আমি আওয়ামী লীগ-বিএনপির বেশ কয়েকজন কাউন্সিলর দেখেছি। তাদের উন্নয়নও দেখেছি। কিন্তু বিগত দিনে এই ওয়ার্ডের কাঙ্খিত উন্নয়ন চোখে পড়েনি। কারণ এই ওয়ার্ডে এখন পর্যন্ত আমরা যোগ্য কাউন্সিলর পাইনি।
তিনি বলেন, রাসেল সম্ভান্ত পরিবারের ছেলে। বয়সেও তরুন। তার পরিবারও সব সময় মানুষের পাশে থাকেন। এমন পরিবারের কাউন্সিলর হলে এই ওয়ার্ডবাসী যেমন কাঙ্খিত সেবা পাবে, তেমনি উন্নয়নও হবে। একই কথা বললেন দরগাপাড়া এলাকার মধ্য বয়সী সিরাজুল ইসলাম নামে অপর এক ব্যক্তি।
তিনি আরও বলেন, অনেকেই যায় অনেকি আসে। কিন্তু ওয়ার্ডবাসী সেবা পায় না। হয় না কোনো উন্নয়ন। রাসেলের মত তরুন যুবক এই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডবাসী কাঙ্খিত সেবা পাবে এমনটাও মন্তব্য করেন তিনি।


