ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৯০-এর পটভূমি আর ২০২১-এর পটভূমি এক নয়। সুতরাং গণ-অভ্যুত্থান করে সরকার পতনের রঙিন দিবাস্বপ্ন দেখছে বিএনপি।
মঙ্গলবার তার বাসভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দেশে এ কথা বলেন।
তিনি বলেন, ‘সরকারকে আর সময় দেওয়া যায় না।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারকে সময় নির্ধারণ করে দেওয়ার উনি কে?
তিনি বলেন, সরকারকে সময় নির্ধারণ করে দিয়েছে দেশের সংবিধান ও এদেশের জনগণ, আর ক্ষমতা দেওয়ার মালিক সর্ব শক্তিমান আল্লাহ এবং দেশের ভোটারগণ।
জাতীয় প্রেসক্লাবে বিএনপির কর্মসূচির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় প্রেসক্লাবে সাধারণত সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠন সভার আয়োজন করে থাকে, কিন্তু বিএনপি প্রেসক্লাবকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে।
তিনি আরও বলেন, বিএনপি এখন প্রেসক্লাবের ভিতরে রাজনৈতিক সমাবেশ করছে, যা অবৈধ ও অগ্রহণযোগ্য।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ইউপি নির্বাচনে বিভিন্ন জেলা থেকে দলীয় প্রার্থীর নাম পাঠানো হচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তথ্য গোপন এবং নানা অনিয়ম ও জালিয়াতি করে কেন্দ্রে নাম পাঠাচ্ছেন। যারা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রায় দুই বছর যারা অপেক্ষা করেছেন তাদের ভোগান্তি শেষ হতে যাচ্ছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, প্রিন্টিংয়ের জন্য প্রায় সাড়ে বার লাখ ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং ও বিতরণ কার্যক্রম গত ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে এসব ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং ও বিতরণ কাজ শেষ হবে।
ওবায়দুল কাদের বিআরটিএসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন গ্রাহকদের ভোগান্তি কমাতে প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং ও বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য।


