ধূমকেতু প্রতিবেদক, নাটোর : আসন্ন ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নাটোরের বাগাতিপাড়ায় নির্বাচনী আচরণবিধি লংঘন করে খিঁচুড়ি ভোজন এবং জীবন্ত প্রাণী নিয়ে প্রচারনার দায়ে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীসহ দুই প্রার্থীকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার সন্ধ্যা পৌনে ছয়টায় দয়ারামপুর ইউনিয়নে এক অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও এসিল্যান্ড নিশাত আনজুম অনন্যার ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
এসিল্যান্ড কার্যালয় সূত্রে জানা গেছে, দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারি বাজারে আচরণ বিধি লংঘন করে ভোটারদের নিয়ে খিঁচুড়ি ভোজনের দায়ে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহাবুর ইসলাম মিঠুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে একই বাজারে ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোরগ প্রতীকের এনামুল হক জীবন্ত মোরগ নিয়ে প্রচারনার দায়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসিল্যান্ড নিশাত আনজুম অনন্যা সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যহত রয়েছে।


