ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় নৌকার প্রার্থী সামন্ত কুমার সরকারের বিরুদ্ধে প্রচার-প্রচারণায় বাধা, মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মৈনম ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলী রাজা।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইয়াছিন আলী রাজা বলেন, ‘নির্বাচনে নৌকার ভরাডুবি নিশ্চিত জেনে প্রার্থী সামন্ত কুমার সরকার আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছেন। ভোটারদের মাঝে টাকা ও ছাতা বিতরণের মিথ্যা অভিযোগ তুলে আমার ভোটের মাঠ নষ্ট করার ষড়যন্ত্র করছেন নৌকার প্রার্থী।’
তিনি অভিযোগ করে বলেন, ‘নৌকার কর্মী-সমর্থকরা আমার প্রচার-প্রচারণার কাজে বাধা প্রদান করছেন। আমার ছোটছেলে আল আমিন রানার পথ আটকিয়ে হেনস্তা করা হয়েছে। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তাসহ থানায় অভিযোগ করেছি।’
প্রার্থী রাজা আরও বলেন, ‘আমার বড়ছেলে আল মামুন রানা মিনিস্টার মাইওয়ান কোম্পানির সহকারী পরিচালক পদে আছেন। ‘প্রচেষ্টা’ নামের একটি সামাজিক সংগঠনের মাধ্যমে ওই কোম্পানি থেকে প্রাপ্ত বিভিন্ন অনুদান এলাকার মানুষের মাঝে বিতরণ করা হয়েছে ভোটের তফসীল ঘোষণার অনেক আগে। অথচ সেই সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভোটযুদ্ধে আমাকে পরাজিত করার পাঁয়তারা করছেন নৌকার প্রার্থী।’
স্বতন্ত্র প্রার্থী দাবি করেন, ‘জনগনের প্রত্যক্ষ ভোটে আমি মৈনম ইউনিয়নে বেশ কয়েকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবারও তাঁদের ভোটে আমি জয়লাভ করব ইনশায়াল্লাহ।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রার্থী ইয়াছিন আলী রাজার বড়ছেলে আল মামুন রানা, ছোটছেলে আল আমিন রানা, মৈনম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান, সামাজিক সংগঠন ‘প্রচেষ্টা’ মৈনম শাখার সভাপতি রাশেদ ইকবাল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মৈনম ইউনিয়ন যুবলীগের সদস্য সানি আহমেদ দুলাল প্রমুখ।


