ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য বগুড়ার আদমদিঘীর পলাতক আব্দুল মোমিন তালুকদার খোকার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২৪ নভেম্বর) বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।
এদিন রায় ঘোষণা হওয়ার পর বগুড়া জেলার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খাঁন রাজু’র সভাপতিত্বে এক আনন্দ মিছিল বের হয়। সেই সাথে আতশবাজির মধ্যে দিয়ে আনন্দ মিছিলটি উপজেলা হসপিটাল গেট হইতে গো হাটি এসে শেষ করে, পরে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা শেষে মিষ্টি বিতরণ করেন।
এছাড়াও বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টুর সভাপতিত্বে সান্তাহার পৌর আওয়ামী লীগের সদস্যরা আনন্দ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
অপরদিকে একই সময় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আনন্দ মিছিল বের করে ও মিষ্টি বিতরণ করেন।
মিছিলে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
ওই মামলায় গত সোমবার আব্দুল মোমিন তালুকদার খোকার বিরুদ্ধে রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য করা হয়। এর আগে গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে শুনানি শেষ হয়।
২০১৮ সালের ৩ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুল মোমিন তালুকদার খোকার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তার বিরুদ্ধে অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা ও গণহত্যার তিনটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহতহ্যা এবং ১৯টি বাড়ি অগ্নিসংযোগ করে ধ্বংসেরও অভিযোগ রয়েছে।
আব্দুল মোমিন তালুকদারের রাজনৈতিক পরিচয় সম্পর্কে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় তিনি মুসলিম লীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বিএনপি থেকে ২০০১ ও ২০০৮ সালে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক পদে আছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


