ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতি গ্রহণকালে ৪ চিহিৃত ছিনতাইকারীকে আটক করছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আসামীদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ৩ টি চাকু ও ১ টি জিআই পাইপ উদ্ধার হয়।
আটককৃতরা হলো, রাজশাহীর রাজপাড়া থানার বহরমপর ব্যাংক কলোনীর মৃত জয়নাল আবেদিনের ছেলে সিরাজুল ইসলাম সিজার (৩৩), তেরখাদিয়া মধ্যপাড়ার মৃত দুলাল ওরফে হেলালের ছেলে মিজু ওরফে জাকির ওরফে রাজ (২৫), রাজপাড়া গ্রামের রাজু শেখের ছেলে তাইফ হোসেন শফি (১৯) ও কাটাখালী থানার দেওয়ানপাড়ার মৃত আক্কাছ আলীর ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩৫)।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শুক্রবার (২১ জানুয়ারি) রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ, এসআই আশরাফুল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ছিনতাইকারী ছিনতাই করার জন্য রাজপাড়া থানার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাঙ্গা সীমানা প্রাচীরের ভিতরে অবস্থান করছে।
পুলিশ আরও জানায়, উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম অভিযান চালিয়ে চিহিৃত চার ছিনতাইকারীকে আটক করা হয়। এসময় আসামীদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ৩ টি চাকু ও ১ টি জিআই পাইপ উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের নামে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক ছিনতাই, ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


