ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বন্ধুত্ব তৈরি করে ছিনতাইয়ের অভিযোগে ১ নারীসহ ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আসামীদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন, একটি জ্যাকেট, নগদ অর্থ ও ছিনতাই কাজে ব্যবহৃত ৩ টি চাকু উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বখতিয়ারবাদ মালদা কলোনীর আরামান শেখের ছেলে সোহেল (৩১), তার স্ত্রী জেসমিন বেগম পলি (৩১) ও ভাই সুমন হোসেন সাদ্দাম (৩০) এবং কয়েরদাড়া গ্রামের মৃত রাকিব ইসলামের ছেলে হৃদয় (২২) ।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেম খাঁ সবজিপাড়ার শুভ (ছদ্মনাম) এর সাথে মোবাইল ফোনে জেসমিন বেগম পলির বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সূ্ত্র ধরে গত ১৫ জানুয়ারি ২০২২ রাত ৮ টায় জেসমিন বেগম শুভকে বোয়ালিয়া থানার বিসিক শিল্প এলাকার নাহার একাডেমীর সামনে আসতে বলে। সেখানে জেসমিনের সাথে শুভর দেখা হয়। জেসমিন কৌশলে কথা বলতে বলতে শুভকে মথুরডাঙ্গা আটকুষি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে আগে থেকেই উৎ পেতে থাকা জেসমিনের স্বামী সোহেল, দেবর সুমন ও হৃদয় চারিদিক হতে শুভকে ঘিরে ফেলে এবং চাকুর ভয় দেখিয়ে শুভর কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা কেড়ে নেয় ও তার গায়ে থাকা জ্যাকেটও খুলে নেয়। এ সংক্রান্তে শুভ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর নিকট একটি অভিযোগ দায়ের করেন।
পুলিশ আরও জানায়, উক্ত অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ এর নেতেৃত্বে পুলিশ পরিদর্শক আশিক ইকবাল, এসআই সুমন কুমার সাহা ও তার টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২২ জানুয়ারি রাত পোনে ১০ টা হতে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী সোহেল (৩১), তার স্ত্রী জেসমিন বেগম পলি (৩১) ও ভাই সুমন হোসেন সাদ্দাম (৩০) ও হৃদয় (২২)কে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই, ডাকাতি, চুরি, প্রতারণা ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


