ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতি গ্রহণকালে তিন ছিনতাইকারীকে আটক করছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আসামীদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২ টি চাকু ও ১ টি হাতুড়ী উদ্ধার হয়।
আটককৃতরা হলো, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনীর মিন্টুর ছেলে আলিফ ইসলাম আকাশ (২০), হাজরা পুকুর গ্রামের মৃত খাইরুল ইসলামের ছেলে রেজাউল করিম (৩২) ও বোয়ালিয়া মডেল থানার লাল মিয়ার ছেলে সোহান (২১)।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শনিবার (২৮ জানুয়ারি) রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ, এসআই নুরুন্নবী হোসেন ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার ঘোড়াচত্বর কড়াইতলার নীচে কতিপয় ছিনতাইকারী ছিনতাই করার জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম অভিযান পরিচালনা করে ছিনতাইকারী আলিফ ইসলাম আকাশ, রেজাউল করিম (৩২) ও সোহান (২১) কে আটক করে। এসময় আসামীদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২ টি চাকু ও ১ টি হাতুড়ী উদ্ধার হয়।
আটককৃত আসামীদের নামে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় একাধিক ছিনতাই, মাদকসহ অন্যান্য মামলা রয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


