ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্রাক চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক টিটু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। টিটু কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ।
বুধবার দুপুরে নগরের কাশিয়াডাঙ্গার থানা এলাকার পশ্চিম বালিয়া তার মামার বাড়ি থেকে গ্রেপ্তার করে পলিশ। এতে নেতৃত্ব দেন কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ এবং সার্বিক সহযোগিতা করেন হড়গ্রাম ইউপি’র চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তাকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ইউপি’র চেয়ারম্যান আবুল কালাম জানান, টিটুর পিতা-মাতাই তাকে খবর দেন। এরপর থানা পুলিশকে জানালে তারা টিটুকে আটক করে। চেয়ারম্যান আরো বলেন, টিটুর পিতা জাহাঙ্গীর হোসেন তাকে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র নিহতের ঘটনায় তোলপাড় চলছে। পাশাপাশি শিক্ষার্থীরা অনেক ট্রাক ও স্থাপনা ভাঙ্চুর করেছে। তার ছেলের জন্য অন্যরা হয়রানির স্বীকার হোক এবং ঘটনার মোড় অন্যদিকে যাক-এটা তিনি চাননি। সে ক্ষেত্রে আটকের বিষয়ে তার পিতা-মাতার অবদানই বেশী।
মঙ্গলবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজের পাথর বহনকারী ট্রাকের চাপায় প্রাণ হারান চারুকলা অনুষদের ছাত্র মাহমুদ হাবিব হিমেল। এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা পাঁচটি ট্রাকে আগুন দেয়।
পরে তারা রাজশাহী-ঢাকা মহাসড়ক ও ভিসির বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করে। গভীর রাতে সিটি মেয়র ও ভিসি গিয়ে শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাযা শেষে মিলের মরদেহ নাটোর পাঠানো হয়। এর আগে সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ ক্যাম্পাসে নেয়া হয়।


