ধূমকেতু প্রতিবেদক : প্রবাসী ভাই-বোনদের পরিবারের সদস্যদের বিভিন্ন সময় তাদের স্থায়ী ঠিকানায় বিভিন্ন প্রকার আইনগত জটিলতার সম্মুখীন হতে হয়।
প্রবাসে অবস্থান করার কারণে তাদের পক্ষে সুদূর প্রবাস থেকে এই সব সমস্যার সমাধান করা সম্ভব হয় না। ফলে তাদের অনেকেই প্রবাস জীবনে পরিবারের সদস্যদের নিয়ে দুশ্চিন্তায় থাকেন।
সকলের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে, রাজশাহী জেলা পুলিশের “প্রবাসী সহায়তা সেল” কার্যক্রম চলমান রয়েছে। বিদেশে অবস্থানরত রাজশাহীর যে কোন ব্যক্তি বা রাজশাহীতে অবস্থানরত প্রবাসী পরিবারের সদস্যগণ/আত্মীয়-স্বজন “প্রবাসী সহায়তা সেল” এর মোবাইল নম্বর ০১৩২০-১২৩৪৯৮ বা টেলিফোন নম্বর-০২৫৮৮৮৫৪৯৭৩ এ সরাসরি যোগাযোগ করে অথবা ০১৩২০-১২৩৪৯৮ নম্বর হোয়াটস অ্যাপে (Whatsapp) বার্তা প্রদান করে অপরাধ সংক্রান্ত যে কোন অভিযোগ জানাতে পারেন বা গুরুত্বপূর্ণ বিষয়ে আইনগত পরামর্শ পেতে পারেন।
রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ আশরাফুল আলম প্রবাসী সহায়তা সেলের ফোকাল পয়েন্ট অফিসার হিসেবে কাজ করছেন। একজন পুলিশ পরিদর্শক, একজন এসআই ও তিনজন কনস্টেবলের সমন্বয়ে প্রবাসী সহায়তা সেল গঠন করা হয়েছে।


