ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের স্বরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও নিরবতা পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নিহত হওয়ার স্থানে শহীদ হবিবুর রহমান হল মাঠের উত্তর-পশ্চিম কোণে মোমবাতি প্রজ্বলন ও নিরাবতা পালন করা হয়।
মোমবাতি প্রজ্বলন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের শিক্ষার্থীদের মাঝে সব সময়ই অনেক দূরত্ব লেগে থাকে। যখন আমরা কোন দুর্ঘটনার সম্মুখীন হই, তখনি একসাথে হয়ে আমরা আন্দোলন করি। গতকাল ছাত্র-শিক্ষক একসাথে উন্মুক্ত আলোচনা আগে হওয়া উচিত ছিলো। শিক্ষকরা শিক্ষার্থীদের কাছাকাছি থাকবেন তাহলেই না সম্প্রীতি সৃষ্টি হবে। হিমেল মারা গিয়ে এই সম্প্রীতির পথ উন্মোচন করেছেন।
সাংস্কৃতিক জোটের সভাপতি উত্তম কুমার রায় বাপ্পি বলেন, আজকে আমাদের প্রিয়মুখ হিমেল এক মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের মাঝে নেই। তার মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়, তা একধরনের হত্যাকান্ড। এর জন্য দায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের যে দাবিগুলো মানার আশ্বাস দিয়েছেন তা পুরণ না করা পর্যন্ত আমাদের সবাইকে একসাথে সজাগ থাকতে হবে। এসময় হিমেলের নামে বৃত্তি ফাউন্ডেশন গঠন করা কথাও বলেন তিনি।
মাইক্রোবায়লজি বিভাগে সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত বলেন, কালকে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তা যেন দ্বিতীয়বার না ঘটে সে সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত করে তা রোধ করার ব্যাপারে আমাদের প্রদক্ষেপ নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক তারেক নূর, হিমেলের সহপাঠী, বন্ধু ও পরিজনসহ দেড় শতাধিক সাধারণ শিক্ষার্থী।


