ধূমকেতু প্রতিবেদক : দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে রাজশাহী থেকে সারাদেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস রাজশাহীর মোটর শ্রমিক ইউনিয়ন। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে আনুষ্ঠানিক কোন ঘোষণা ছাড়া শ্রমিকরা দূরপাল্লার সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। এতে দূর পাল্লার যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে চরম দুর্ভোগে পড়েছেন।
সরেজমিনে সোমবার বিকালে রাজশাহী শিরোইল বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, অনেক যাত্রী টিকিট কেটেও ঢাকায় যেতে পারেননি। তাদের অনেককেই বাড়িতে ফিরে যেতে হয়েছে। বাস কাউন্টারে টিকিট মাস্টাররা বলছেন, থেকে দৈনিক মজুরী বৃদ্ধির বিষয় নিয়ে মালিক পক্ষকে একাধিক বার জানানো হলেও তারা সেই দাবি না মানার কারণে শ্রমিকরা এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয় নিয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা দেয়নি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। বিকাল ৩টায় ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে টিকিট কেটেছিলেন আব্দুল হক নামের এক যাত্রী।
তিনি বলেন, ‘আমার ঢাকায় যাওয়া খুবই জরুরি ছিল। এজন্য সকালে দেশ ট্রাভেলসে টিকিট কেটেছিলাম। কিন্তু হঠাৎ শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়ায় আমি ঢাকায় যেতে পারলাম না। বাধ্য হয়ে পরে টিকিটের টাকা ফেরৎ নিয়েছি।’ তার এমন শত শত যাত্রী দূরপাল্লার বিভিন্ন গন্তব্যে যেতে পারেননি।
জানতে চাইলে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী জানান, ঢাকাগামী কোন কোম্পানির বাস বন্ধ নেই শুধু ন্যাশনাল ও দেশ কম্পানির গাড়ির শ্রমিকরা গাড়ি বন্ধ রেখেছেন। কারণ অন্য কোম্পানির গাড়ি ঢাকা ঘুরে এসে ১৬০০ টাকা বেতন পান। কিন্তু ন্যাশনাল ও দেশ ট্রাভেলস এর কোম্পানির গাড়ির শ্রমিক ১২০০ টাকা পাওয়ার কারণে তারা কর্মে যোগ না দিয়ে বাস চলাচল বন্ধ রেখেছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে- শুধু দেশ কিংবা ন্যাশনাল ট্রাভেলস এর বাসই নয়; ঢাকাসহ দূরপাল্লার প্রায় সব রূটের বাস চলাচলই দুপুর থেকে বন্ধ রয়েছে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, ‘আমি যতটুকু শুনেছি- দেশ ও ন্যাশনাল ট্রাভেলস এর শ্রমিকরা অন্য বাস শ্রমিকদের সঙ্গে কথা বলে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন। আমি বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সুরাহার জন্য রাজশাহী সিটি মেয়রকে অবহিত করেছি। আশা করছি দ্রæত এর একটা সুরাহা হবে।’


