ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘শহীদ ফারুক দিবস’ উপলক্ষে শহীদ ফারুকের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাবি শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম হলসংলগ্ন স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সমাবেশ করে রাবি শাখা ছাত্রলীগ এবং শহীদ ফারুকের রুহের মাগফিরাত কামনায় বাদ আছর শাহ মখদুম হল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সংক্ষিপ্ত সমাবেশে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ২০১০ সালের এই দিনে পরিকল্পিতভাবে রাবিতে শিবিরের ক্যাডাররা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনকে নৃশংসভাবে হত্যা করে সৈয়দ আমীর আলী হলসংলগ্ন ম্যানহোলের মধ্যে ঢুকিয়ে রাখে। একই রাতে তারা ছাত্রলীগের প্রায় অর্ধশতাধিক নেতা কর্মীর হাত ও পায়ের রগ কেটে দেয়। শহীদ ফারুক হোসেনের আত্মদানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এবং শহীদ ফারুকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম লিংকন, মেজবাহুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার (ডন), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু।
আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক এনায়েত হক রাজু, সাংগঠনিক সম্পদক মুশফিক তাহমিদ তন্ময়, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহিল গালিব, উপ-ধর্মবিষয়ক সম্পাদক তাওহীদ দুর্জয় সহ দুইশতাধিক নেতাকর্মী।
এছাড়াও দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এসময় শহীদ ফারুকের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।


