ধূমকেতু প্রতিবেদক, রাবি : সমাজের প্রতিটি শিশুরই আদর, স্নেহ-ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু প্রতিটি শিশু সমানভাবে সেই স্নেহ-ভালোবাসা পায় না। সুবিধা বঞ্চিত ও পথশিশুরা আমাদের সমাজেরই একটা অংশ।
বিশ্ব ভালোবাসা দিবসে সমাজের এই সুবিধা বঞ্চিত ও পথশিশুদের মুখে হাসি ফোটানোর মাধ্যমে ভালোবাসা দিবস উদযাপন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং দৈনিক আলোকিত ভোরের সম্পাদক সাঈদ সজল।
প্রতিনিয়ত দুঃখকে সঙ্গী করে চলা পথশিশুদের দুঃখগুলোকে কিছু সময়ের জন্য হলেও ভুলিয়ে রাখতে সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাজশাহীর ভদ্রা সংলগ্ন বস্তিতে পথশিশুদের সাথে গল্প, আড্ডা আর গানে মেতে ওঠেন তিনি।
এসময় সুবিধাবঞ্চিত এসকল শিশুরাও গান আর কবিতা উপস্থাপনের মাধ্যমে বুঝিয়ে দেয় পর্যাপ্ত সুযোগ পেলে তারাও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। প্রায় ২ ঘন্টার গান গল্প শেষে সন্ধ্যা ৬টায় অর্ধশতাধিক শিশুর মাঝে ফুল, কেক এবং নাস্তা বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়।
সুবিধা বঞ্চিত শিশু ফারুক জানায়, সব মানুষ আমাদেরকে ভালোবাসে না। আমাদের থাকার মতো কোনো বাড়ি-ঘর নাই, আমরা এই বস্তিতেই থাকি। সবাই দিনটা উপভোগ করলেও আমরা পারি না। যখন সজল ভাইয়ের আমাদের জন্য খাবার এবং ফুল আনছে জানতে পেরে খুব খুশি হয়েছি।

ব্যতিক্রমধর্মী এই আয়োজন সম্পর্কে আবু সাঈদ সজল বলেন, ‘ভালোবাসাটা শুধু নিজের পরিবার, আপনজন বা নির্দিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। আমরা চাই ভালোবাসা ছড়িয়ে পড়ুক সকলের মাঝে।
তিনি আরও বলেন, সুবিধা বঞ্চিত ও পথশিশুদের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষেরই কর্তব্য। আমার দায়বদ্ধতা থেকেই সুবিধা বঞ্চিত ও পথশিশুদের পাশে দাঁড়িয়েছি। তাদের পাশে দাঁড়ানোর অনুভুতিটা সবাই ফিল করতে পারে না। সমাজের প্রতিটি মানুষ যদি তাদের পাশে দাঁড়ায় তাহলে সুবিধা বঞ্চিত শিশুরা আর সুবিধা বঞ্চিত থাকবে না। তারাও এক সময় স্বাবলম্বি হয়ে দেশের গুরুত্বপূর্ণ মানব সম্পদে পরিণত হবে।
উল্লেখ্য, অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলো স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন ফেরি”।


