ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় রবিন খান (২৫) নামের এক প্রায়ভেট কার ড্রাইভার ১০০০ বোতল ফেন্সিডিলসহ ২০১৮ সালে আটক হয় নওগাঁ জেলায়। প্রায়ভেট কারটি তার নিজের বলে স্থানীয় ভাবে জানা যায়। জেল থেকে জামিনে এসে আবারো ৪৫ বোতল ফেনসিডিলসহ আটক হয়েছে পুলিশের হাতে। এ সময় দুইটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল সাড়ে ৬টায় উপজেলার মনিগ্রাম (দক্ষিনপাড়া) এলাকা থেকে তাকে ৪৫ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, বাঘা উপজেলার মনিগ্রাম(দক্ষিণপাড়া) গ্রামের শামসুজ্জামানের ছেলে রবিন খান ও হরিরামপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে রিপন (২৬) সকাল ৬টার দিকে একটি সাদা প্লাষ্টিকের ব্যাগের মধ্যে ৪৫ বোতল ফেন্সিডিল নিয়ে বাঘা উপজেলার আলাইপুর থেকে বাঘা সদরের দিকে যাচ্ছিল। এ সময় মনিগ্রাম (দক্ষিণপাড়া) পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহ-আলম, এসআই সালজার মাদক ব্যবসায়ী রবিন কে আটক করে।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন সাজু জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ রবিন খানকে আটক করেছে। তবে এ ঘটনায় ২ জনকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


