ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে মোটরাসাইকেলে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে এক চোরাকারবারীকে ৮০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে বেলপুকুর থানা পুলিশ। এসময় আসামীর ফেন্সিডিল বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তির নাম রবিউল ইসলাম টুটুল (৩৯)। সে রাজশাহী মহানগরীর মতিহার থানার শ্যামপুর পশ্চিমপাড়া চৌদ্দপাই এলাকার মৃত আজাহার আলী ওরফে নেকছারের ছেলে।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শুক্রবার (৪ মার্চ) বিকেল ৪ টায় উপ-পুলিশ কমিশনার (মতিহার) বিভূতি ভুষণ বানার্জীর তত্বাবধানে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতেৃত্বে এসআই শরিফুল ইসলাম ও তাঁর টিম মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে তারা পারেন, একজন চোরাকারবারী মোটরসাইকেলে অভিনব কায়দায় ভারতীয় ফেন্সিডিল নিয়ে ঈশ্বরদী হতে রাজশাহীর দিকে আসছে।
পুলিশ আরও জানায়, বেলপুকুর থানা পুলিশের ঐ টিম বেলপুকুর থানার পোল্লাপুকুর মোড়ে অবস্থান নেয়। কিছুক্ষন পর সন্দেহজনক মোটরসাইকেলটি অতিক্রম করার সময় চালক রবিউল ইসলামকে আটক করে। এসময় তার মোটরসাইকেল তল্লাশী করে ফুয়েল ট্যাংকের ভিতরে বিশেষ কায়দায় রাখা ৮০ বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল উদ্ধার হয়। সেই সাথে আসামীর ফেন্সিডিল বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে আরও একটি চোরাচালানের মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


