ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে গতকাল বৃহস্পতিবার দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির মূল প্রতিবাদ্য হচ্ছে- ‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’।
এ প্রতিপাদ্যে সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহযোগীতায় রিভারভিউ কালেক্টরেট স্কুল মাঠে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ নিয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। কখনও ভূমিকম্প হলে কী করতে হবে, নিজেদের নিরাপদ রাখার কৌশল ও উদ্ধার তৎপরতার বিভিন্ন কৌশল মহড়ার মাধ্যমে প্রদর্শন করা হয়। এছাড়া অগ্নিনির্বাপণের মহড়া অনুষ্ঠিত হয়।
রাজশাহী রিভারভিউ কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মনোয়ারা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলম, উপ-সহকারী পরিচালক জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টাফ অফিসার শাহ আলম ও সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ।
মহড়া শেষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহড়ার মাধ্যমে স্কুলের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে এ ব্যাপারে সচেতন করা হয়।


