ধূমকেতু প্রতিবেদক : নওগাঁ সদর উপজেলার চুনিয়াবাড়ী গ্রামে পৈত্রিক সম্পত্তি প্রতিপক্ষ কর্তৃক জোর করে ভোগ দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বাচ্চু সরদার নামের এক ভুক্তভোগী।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বাচ্চু সরদারের বাবা মৃত জাকের আলী ও তার চাচা মৃত ইব্রাহিম আলী সরদার উভয়ে গত ১৯৬৬ সালের সেপ্টেমবর মাসের ১৪ তারিখে মিজান আলী নামের এক ব্যক্তির কাছ থেকে দুই ভাই মিলে জমি কেনেন।
যার দলিল নং-১০৯৪৫/৬৬। তার বাবা ও বড় চাচা জীবিত অবস্থায় চাচা ইব্রাহিম দলিলের তপশিল থেকে অর্ধেক সম্পত্তি যা সাড়ে ২১ শতক তার পিতার নামেই রয়ে যায়। কিন্তু জমসেদ মোল্লার মৃত্যুর পর তার ওয়ারিশগণ জোর করে তার বাবার অর্ধেক সম্পত্তি সাড়ে ২১ শতক দখল করে দলিলের পুরো সম্পত্তি ভোগ করছেন। তিনি ও তার পরিবারের অন্য সদস্যরা প্রতিপক্ষকে অনেকবার বলেছেন যে, আপনারা যে ৪৩ শতক সম্পত্তি ভোগ করছেন তার কাগজ দেখান। তারা কোনোকিছু দেখাতে পারেনি। তারপরও পুরো সম্পত্তি ভোগ দখল করছে।
বিষয়টি নিয়ে তাদের সাথে কথা বললে তারা উল্টো মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। শুধু তাই নয় মিথ্য মামলা দিয়ে হয়রানি করারও হুমকি দিচ্ছে। এ অবস্থায় তারা স্থানীয় এমপির ও প্রশাসনের হস্তক্ষেপ করেছেন। যাতে দরিদ্র এই পরিবার তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।


