ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর কাটাখালী জুটমিল এলাকায় গতকাল বুধবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার উল্টে আকাশ হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
নিহত আকাশ রাজশাহীর পুঠিয়া উপজেলার ভারোটা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
আহত যুবক হলেন, নগরীর বোয়ালিয়া থানার এলাকার মাসুম মিয়ার ছেলে সজিব মিয়া (২৩)।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান জানান, পুঠিয়া থেকে প্রাইভেটকারটি রাজশাহীর দিকে আসছিল। পথে কাটাখালী জুটমিলের ২ নম্বর গেটের সামনে এলে প্রাইভেটকারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে আকাশ ও সজীব গুরুতর আহত হন।
তিনি আরও জানান, স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আকাশের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।


