ধূমকেতু প্রতিবেদক : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতালেও স্বাভাবিক ছিলো রাজশাহীর জীবনযাত্রা।
সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতালের সময় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো, খোলা ছিলো দোকানপাট, ব্যসসায়ী প্রতিষ্ঠান ও অফিস-আদালত।
মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, মণিচত্বর, সোনাদীঘির মোড়ে বিভিন্ন ধরনের যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মত। কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
তবে সোমবার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত মহানগরীর গণকপাড়া এলাকায় অবস্থান নেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় হরতালের সমর্থনে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে তারা হরতালের সমর্থনে সাহেববাজার জিরোপয়েন্টেও কিছুক্ষণ অবস্থান করেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিপিবির রাজশাহী জেলা সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোরশেদ, বাসদের জেলা আহ্বায়ক আলফাজ হোসেন যুবরাজ ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মহানগর সাধারণ সম্পাদক নাদিম সিনহাসহ বাম জোটের অন্য নেতাকর্মীরা।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, আজকের হরতালে কোথাও মিছিল ও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। হরতালকে কেন্দ্র করে পুলিশ সতর্ক ছিলো।
এদিকে, রাজশাহী রেলস্টশন থেকে বিভিন্ন রুটের ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। নিয়মিত সময়ে রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনাল ও শিরোইল বাসস্ট্যান্ড থেকে ঢাকাসহ আন্তঃজেলা রুটের বাস নিজ নিজ গন্তব্যে ছেড়ে যায়।


