ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে রাস্তার পাশের একটি গাছ হঠাৎ ভেঙ্গে রাস্তায় পড়লে একজন রিকশা চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (৬ এপ্রিল) বরেন্দ্র মিউজিয়ামের সামনের রাস্তায়। আহত ওই চার্জার রিকশা চালক হলেন চারঘাট উপজেলার আশরাফ (৫০)।
আহতের আত্মীয় স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরেন্দ্র মিউজিয়ামের সামনে দিয়ে আশরাফ চার্জার রিকশা চালিয়ে যাচ্ছিলেন। এসময় হঠাৎ করে রাস্তার পাশের একটি পাম গাছ ভেঙ্গে রিকশার সামনে পড়ে। এতে আশরাফ আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক জাকির হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে আশরাফকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ও রাস্তার ওপর পড়ে থাকা গাছ অপসারন করে।
এদিকে, রাস্তার ওপর গাছেন পড়ে যাওয়ায় কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় এলাকাবাসী রাস্তার পাশে বিপদজনক ভাবে থাকা বাকি গাছগুলো অপসারনের দাবি জানান।


