ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘায় প্রতিপক্ষের হাতুড়ি পেটায় উপজেলার চকরাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য ফজলু সেখসহ তার ছেলে সাইফুল ইসলাম আহত হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) ইফতারের আগে, দাদপুর বাজারের আনোয়ার ডাক্তারের দোকানের সামনে তাদের পিটিয়ে আহত করা হয়। আহত দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইউপি সদস্য ফজলু সেখ চকরাজাপুর গ্রামের গোপাল সেখের ছেলে। উপজেলা থেকে ১৫ কিলোমিটার দুরে পদ্মার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়ন।
আহত ফজলু সেখ জানান, দাদপুর বাজারের আনোয়ার ডাক্তারের কাছ থেকে ঔষধ নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় কালিদাশখালি গ্রামের আয়নাল হকের দুই ছেলে জাবেদ আলী, সমেজ আলী, ইলাহি উদ্দীনের ছেলে মিন্টু আলী, পলাশী ফতেপুর গ্রামের জিন্নাহ আলীর ছেলে নান্নু হোসেন (দর্জি), আদু মোল্লার ছেলে মিজানুর রহমান, হাতুড়ি ও ছোরা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে এলোপাথাড়ি মারধর করে। এ সময় ছেলে সাইফুল ইসলাম রক্ষা করতে গেলে তাকেও মারধর করে আহত করেছে।
মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাঝে মধ্যে তার বড় ভাইয়ের মেয়েকে মারধর করে জামাই জাবেদ আলী। বিষয়টি জানতে চাওয়ার জের ধরে মারধর করেছে বলে দাবি তার। এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করছেন বলে জানান।
প্রতিপক্ষদের একজন মিন্টু আলী বলেন, আমি ও মিজানুর কেহই ঘটনার সাথে জড়িত ছিলামনা। বরং মারধরের ঘটনা দেখে তাদের রক্ষা করতে গেছি। তবে মেম্বর ফজলু সেখের ভাইয়ের মেয়েকে মারধরের বিষয় নিয়ে জামাই জাবেদ আলী ও তার ভাই সমেজ তাদের মারধর করেছে বলে জানান মিন্টু আলী। চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ডিএম বাবুল মনোয়ার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


