ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে এক মাদ্রাসা ছাত্রীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদানের অভিযোগে গত সোমবার এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর মেট্রোপলিট্রন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কাকুড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফখরুল ইসলাম (২৭) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কাকুড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। মঙ্গলবার মহানগর মেট্রোপলিট্রন পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজপাড়া থানা এলাকার এক মাদ্রাসার দ্বাদশ শ্রেণীর ছাত্রীর সাথে ফখরুল ইসলামের মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে গত ৩০ ডিসেম্বর ফখরুল রাজশাহী এসে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সিলেটে তার ফুফুর বাড়ি নিয়ে যায়। পরে ওই ছাত্রী জানতে পারে ফখরুল মোবাইলে মিথ্যা পরিচয় দিয়ে তাকে প্রতারিত করে নিয়ে এসেছে। এমতাবস্থায় সে পরিবারের সাথে যোগাযোগ করে বাড়িতে চলে আসে। এদিকে ফখরুল ভুক্তভোগীর আত্মীয়দের কাছে তার কাছে থাকা ওই ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস করার হুমকি দিতে থাকে। পরে এই ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলার পরবর্তীতে কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলামের তত্বাবধানে ওসি এসএম মাসুদ পারভেজের নেতেৃত্বে এসআই জীবন চন্দ্র বর্মন ও তার টিম আসামির অবস্থান সনাক্ত করে। পরে সোমবার ১৮ এপ্রিল দুপুর দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কাকুড়া গ্রামে অভিযান পরিচালনা করে আসামি ফখরুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ওই মাদরাসা ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিওসহ মোবাইল ফোন জব্দ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


