ধূমকেতু প্রতিবেদক : গোদাগাড়ী উপজেলার বিজয়নগর সড়কে শুক্রবার বিকেলে সাড়ে ৩টার দিকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন, নগরীর লক্ষ্মীপুর এলাকার মোহাম্মদ আলী বকুলের ছেলে ইজাজ আহমেদ (২০) ও গোদাগাড়ী উপজেলার পিরিজপুর এলাকার জাহিদ হোসেন (২০)। তার বাবার নাম এখনও পাওয়া যায়নি।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, তারা মোটরসাইকেলে করে রাজশাহী শহর থেকে গোদাগাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে তারা উপজেলার বসন্তপুর বিজয়নগর সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান।

পরে খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে নিহতদের পুরো পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের শনাক্ত এবং আটকের চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, নিহতদের স্বজনরা এলে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান গোদাগাড়ী থানার এই পুলিশ কর্মকর্তা।


