ধূমকেতু প্রতিবেদক : নগরীর ভদ্রা রেলক্রসিং এ বুধবার (১৮ মে) দুপুর ১২টার দিকে নারী গেটকিপারকে মারধরের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর ভদ্রা জামালপুর মহল্লার বাসিন্দা আবদুস সামাদ ওরফে খোকন (৪৩) এবং রামচন্দ্রপুর এলাকার নূরে আহমেদ ওরফে তুষার (৩০)। আর ভুক্তভোগী নারী গেটকিপারের নাম তানজিলা খাতুন (২৬)।
রাজশাহী রেলওয়ে থানার ওসি রকিব-উল-হোসেন জানান, দুপুরে ট্রেন আসছিল বলে তানজিলা লেভেল ক্রসিংয়ের ব্যারিকেড ফেলেন। এ সময় খোকন ব্যারিকেডের ওপর দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। তানজিলা নিষেধ করলেও তিনি শোনেননি। এ নিয়ে তানজিলার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর পর তুষারকে সঙ্গে এনে তানজিলাকে মারধর করেন খোকন। দুজনে মিলে তারা তানজিলাকে চড়থাপ্পড় ও লাথি মারতে থাকেন। এসময় তালাইমারী পুলিশ ফাঁড়ির সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলেই দুজনকে আটক করে। পরে রেলওয়ে পুলিশ তাদের থানায় আনে।
ওসি জানান, ঘটনার পর তানজিলা রাজশাহী রেলওয়ে থানায় দুজনের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধাদান এবং মারধরের অভিযোগে মামলা করেছেন। এরপর চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। আসামিদের বিকালেই আদালতে পাঠানো হবে।


