ধূমকেতু প্রতিবেদক : আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবার শান্তিরক্ষী দিবস-২০২২ এর প্রতিপাদ্য বিষয় ছিল “জনগণ শান্তি প্রগতি; অংশীদারিত্বের শক্তি”।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আবু হাসান তারিক, বিপিএম, প্রিন্সিপাল (এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল), বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী।
বিশেষ অতিথি ছিলেন, আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় ৪২ টি প্রতিষ্ঠানের ৫০০ জন অংশগ্রহণ করে।
সকাল ১০ টায় সাহেব বাজার জিরো পয়েন্টে বেলুন ফেস্টুন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর জিরো পয়েন্ট থেকে এর বর্ণাঢ্য র্যালি শুরু করে রাজশাহী কলেজে এসে শেষ হয়। পরবর্তীতে রাজশাহী কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে সভাপতি প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন।
আরও উপস্থিত ছিলেন, মজিদ আলী বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন), প্রফেসর আসাবুল হক, প্রক্টর, রাবি, প্রফেসর আব্দুল খালেক, অধ্যক্ষ, রাজশাহী কলেজ, প্রফেসর হাবিবুর রহমান সাবেক অধ্যক্ষ, রাজশাহী কলেজ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, ভারপ্রাপ্ত সভাপতি, মহানগর আওয়ামী লীগ, লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার, অধিনায়ক, র্যাব-৫, রাজশাহী, মেজর মোবাশ্বের হাসান খান, বিআইআরসি এবং ডাবলু সরকার, সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর আওয়ামী লীগ।


