ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরের রায়ঘাটি ইউনিয়নে বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) রায়ঘাটি ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির আয়োজনে এবং এসিডি’র সহযোগিতায় রায়ঘাটি ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের শিশুবিবাহ প্রতিরাধে বরাদ্দকৃত অর্থ বাস্তবায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু হোসেনর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বাজেট পরবর্তী এ সভায় এসিডি’র উপজেলা কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন শুভেচ্ছা বক্তব্যে, বাংলাদেশে বাল্যবিবাহের সার্বিক পরিস্থিতি এবং মোহনপুর উপজেলার অবস্থা তুলে ধরেন। তিনি এ পরিস্থিতি হতে উত্তরণের জন্য এবং বাল্য বিবাহ রোধে ইউপি বাজেটে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ রাখা এবং তার যথাযথ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
রায়ঘাটি ইউনিয়নের কিশোর-কিশোরী দলের পক্ষে বক্তব্য রাখেন মরিওম আক্তার সাথি ও ফায়সাল আহমেদ। তারা শিশুবিবাহ প্রতিরোধে কিশোর কিশোরী ও অভিভাবক এর সাথে ইউনিয়ন পরিষদ কি কি কার্যক্রম করবেন তা উপস্থাপন করেন।
ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, ফজলুর রহমান কাজি, রায়ঘাটি ইউনিয়ন পরিষদ, সুলতানা রাজিয়া সচিব রায়ঘাটি ইউনিয়ন পরিষদ, মানুনুর রশিদ ইউ পি সদস্য।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বলেন বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি কার্যকর ভূমিকা পালন করবেন। বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে। মাসিক মিটিংয়ে এজেন্ডা হিসেবে বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রম থাকবে। সকল অভিভাবকদের বাল্যবিবাহ না দেওয়ার জন্য অনুরোধ করেন। বাল্যবিবাহ প্রতিরোধে এরকম একটি আয়োজন করার জন্য এসিডিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।


