ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে কোটি টাকা মূল্যের ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ দুই নারী এবং অপর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার মাটিকাটা ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকতৃরা হলেন, গোদাগাড়ী পৌর এলাকার সরমংলা বেলতলা গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী জামিলা (৩০), গোদাগাড়ী ইউনিয়নের তাজেন্দ্রপুর গ্রামের আলম আলীর ছেলে বাবু শেখ (২১) ও তানোর উপজেলার মুন্ডুমালা গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী সেলানুর (৩৫)। বাবু শেখ সরাসরি ভারত থেকে হেরোইন এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে বলে জানা গেছে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী থেকে অটোরিক্সা যোগে হেরোইন নিয়ে মাদক ব্যবসায়ীরা যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রেমতলির পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে ও দুই নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। আটক হেরোইনের আনুমানিক মূল্য কোটি টাকার উপরে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।


