ধূমকেতু প্রতিবেদক : গত ২১ জুন শেষ হয়েছে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনে ভোটার টানতে টিসিবির অনুমোদিত সংখ্যার চেয়ে ৩০০ অতিরিক্ত ফ্যামিলি কার্ড ছাপিয়ে অবৈধ পন্থায় জয় লাভের চেষ্টা করেছিলেন রাসিকের ৮ নম্বর ওয়ার্ডের সদ্য বিদায়ী কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল। নির্বাচনে হেরে অতিরিক্ত কার্ডধারীদের পণ্য দিতে না পেরে তোপের মুখে পড়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ও বিকেলে টিসিবির কার্ডধারী অন্তত শতাধিক ব্যক্তি কাউন্সিলর কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় পণ্য শেষ হয়ে গেছে বলে জানালে, তারা সদ্য বিদেয়ী কাউন্সিলর পায়েলের বাড়ি যায়। এসময় এই কাউন্সিলর পণ্য শেষ হয়ে গেছে জানিয়ে বাড়ির দরজা বন্ধ করে দেন বলে অভিযোগ তুলেছেন কার্ডধারীরা।
মঙ্গলবার বিকেলে ৮ নম্বর ওয়ার্ডের সদ্য বিদায়ী কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেলের চেম্বারে গিয়ে দেখা যায়, কার্ডধারীদের তোপের মুখে চেম্বার বন্ধ করে পালিয়েছেন সেখানকার কর্মচারীরা। আর বাইরে অবস্থান নিয়ে টিসিবির পণ্য দাবি করছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে তাদের অভিযোগ, নির্বাচনে হেরে গিয়ে টিসিবির চাল আত্মসাৎ করেছেন এই কাউন্সিলর। নগরীর কাজীহাটা এলাকার বাসিন্দ তমা আক্তার মর্জিনা বলেন, তাদের ৪ টি পৃথক পরিবারকে ৪ টা হলুদ কার্ড দেয়া হয়েছে।
এই কার্ড দিয়েই তারা এক মাস পরপর টিসিবির পণ্য নেন। এবার ৫ কেজি চাল, ২ লিটার তেল ও ২ কেজি ডাল দেয়ার কথা ছিলো।
সকাল ৯ টা থেকে ১ পর্যন্ত দাড়িয়ে থেকে কিছুই দেয় নি। আবার বিকেলে কাউন্সিলর কার্যালয়ে আসতে বলেছিলো, সেখানে আসার পর বলছে, ‘টিসিবির মাল শেষ। কিছু দেয়া হবে না।’ এসময় টিসিবির মালামাল দ্রুত দেয়ার পাশাপাশি দুর্ভোগের জন্য সদ্য বিদেয়ী কাউন্সিলরের শাস্তির দাবি জানান তিনি।
চালের অপেক্ষায় সকাল থেকে দুপুর পর্যন্ত দাড়িয়ে থেকে ঘুরে গিয়ে আবারও বিকেলে কাউন্সিলর কার্যালয়ে এসেছিলেন ৬০ উর্ধ্ব বৃদ্ধা শান্তি রাণী ঘোষ।
তিনি বলেন, সকাল থেকে বসে থেকে দুপুরে বাসায় গেছিলাম। বললো মাল শেষ। বিকেলে কাউন্সিলর কার্যালয়ে দিবে। এখানে এসেও বলে মাল শেষ। এখন কি করবো। চাল না পেলে কি খাব?
এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ডের সদ্য বিদায়ী কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল বলেন, তার ওয়ার্ডের ১ হাজার ১৩০ জন টিসিবির কার্ড পেতো। এই পরিমাণ পণ্যই আসে। কিন্তু নির্বাচনের আগে ব্যক্তিগতভাবে ৩০০ কার্ড বাড়িয়ে দিয়ে পণ্য দিয়েছিলাম। কিন্তু মানুষ তো ভোট দিলো না।
তিনি আরও বলেন, এখন অতিরিক্ত ৩০০ কার্ডেই সমস্যা হয়েছে। দেখি যতদূর পারি, নিজের কিনে হলেও পণ্য দিবো। দিয়ে কার্ডগুলো নিয়ে নিবো।
এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ডের সচিব আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি আমি জানি। কিন্তু জনপ্রতিনিধিদের বাইরে গিয়ে আমাদের কিছু করার এখতিয়ার নাই। এখণ উদ্ভূত সমস্যাটা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো। তারা বিষয়টি দেখবেন।
এ বিষয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবির আঞ্চলিক সহকারী পরিচালক শহিদুল ইসলাম জানান, টিসিবির কার্ড কোন ওয়ার্ডে কতটা দেয়া হবে এটা জনসংখ্যার উপর নির্ভর করে সিটি করপোরেশন করে থাকে। এর বাইরে গিয়ে কেউ অতিরিক্ত কার্ড দিলে সেটার দায়িত্ব ওই ব্যক্তিকেই নিতে হবে। আর জনপ্রতিনিধিদের বিষয়ে তিনি কোন সিদ্ধান্ত দিতে পারবেন না। রাজশাহী জেলা প্রশাসককে বিষয়টি জানাবো। তিনি ব্যবস্থা নিবেন।
এ বিষয়ে জানতে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহম্মেদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায় নি।


